নিউজ প্রবাসী ডেক্স:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আট বছরের শিশু নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নূর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা ইউনিটের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল নূর আলম। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা স্থানীয়দের বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার দিনভর চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

পরদিন শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ শাহা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts