
যশোর প্রতিনিধি :
যশোর শহরের একটি পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করে ঝুলে পড়া ব্যানারকে ঘিরে শহরজুড়ে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শহরের গাড়িখানা এলাকায় অবস্থিত পোড়া অবস্থায় থাকা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা–এর ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথচারীরা ভবনের সামনের অংশে ব্যানারটি দেখতে পান। দ্রুতই সেটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যানারে পিতা–কন্যার একটি ছবি ও ‘জয় বাংলা–জয় বঙ্গবন্ধু’ লেখা থাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ভবনটিতে কেউ প্রবেশ করতে পারে না বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ধারণা, আশপাশের কোনো ভবনের কার্নিশ ব্যবহার করে অজ্ঞাত কেউ ভবনের ছাদে উঠে ব্যানারটি টাঙিয়ে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে যশোর কোতয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যানারটি খুলে নিয়ে যান। পরে সেটি পুলিশ হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যানারটি অপসারণ করা হয়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন এবং ব্যানার অপসারণে পুলিশের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও বিক্ষোভের সময় ওই ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই ভবনটি বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
হঠাৎ করে এমন ব্যানার ঝুলে পড়ার ঘটনায় কে বা কারা জড়িত—তা জানতে পুলিশ খোঁজখবর শুরু করেছে বলে জানা গেছে।