নিজস্ব প্রতিবেদক :
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরতের কথা বলে বাড়ি থেকে ডেকে এনে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির (৩০) কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের ভাই আমিনুর ফকির জানান, প্রায় পাঁচ মাস আগে রাজিব শেখ আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নেন। শনিবার রাতে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে রাজিব শেখ ও তার পরিবারের সদস্যরা আলিনুর ও আমিনুরকে বাড়ি থেকে বিদ্যালয় মাঠে ডেকে নেন।
তার অভিযোগ, সেখানে পৌঁছানোর পর হঠাৎ করেই রাজিব শেখসহ কয়েকজন আলিনুরের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলিনুরের ভাই আমিনুর ফকির এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts