নিউজ প্রবাস ডেস্ক

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর ও সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, সেখান থেকে ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের ডিলারশিপের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল লোক ডিলারের ঘরে ভাঙচুর চালায় এবং ভেতরে মজুত সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, সার নিয়ে যাওয়া ব্যক্তিদের তা দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, ঘটনার আগে ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়। ঘটনার পর সেখানে ৪০০ বস্তা সার পাওয়া গেছে। অবশিষ্ট হিসাব অনুযায়ী ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

তিনি আরও জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সার বিতরণের সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মনিরুল ইসলাম ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ডিলার প্রবীর কুমার পালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর চাচা সঞ্জিত পাল জানান, ঘটনার পর প্রবীর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আতঙ্কিত রয়েছেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, কৃষি কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts