
নিউজ প্রবাসী ডেক্স :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আগামী ২৮ এপ্রিল থেকে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের জুলাইয়ের শেষ কিংবা অগাস্টের শুরুতেই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রাথমিকভাবে এই ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জ্বালানি লোডিং প্রকল্প বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এ উপলক্ষে আন্তর্জাতিক অংশীদারদের উপস্থিতিতে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম-এর প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
এর আগে কিছু কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হলেও সব নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করে প্রয়োজনীয় লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে কেন্দ্রটি পরিচালিত হবে।
পাবনার ঈশ্বরদী এলাকায় নির্মিত এই প্রকল্পে মোট দুইটি ইউনিট থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে আমদানি-নির্ভর জ্বালানির ওপর চাপ কমবে এবং দেশের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে রূপপুর প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।