
নিউজ প্রবাসী ডেক্স :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে একসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দলের আন্দোলন চলবে এবং কোনো ধরনের বিরতি দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে’ তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি বলেন, “রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে কোনো বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে।”
তিনি আরও দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় এবং অতীতের ঘটনাও তার প্রমাণ বলে মন্তব্য করেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে আগামী তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় গণমিছিল আয়োজন।
সমাবেশকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।