নিউজ প্রবাসী ডেক্স:
দেশীয় পোশাকের আভিজাত্য আর স্নিগ্ধ সাজে নতুন করে আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে তাঁর মার্জিত উপস্থিতির পাশাপাশি নজর কেড়েছে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানের পঙ্ক্তি দিয়ে লেখা ক্যাপশন।
ছবিগুলোতে জয়ার পরনে ছিল অফহোয়াইট রঙের সুতি শাড়ি। শাড়ির পাড়ে ধূসর-গোলাপি রঙের সূক্ষ্ম নকশা তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিয়েছেন ব্লাউজও।
সাজের সঙ্গে মানানসই ঝুলন্ত কানের দুল ও হাতে অলংকার পরেছিলেন অভিনেত্রী। চুলে বেলি ফুলের খোঁপা তাঁর পুরো সাজে এনেছে দেশীয় আবহ। ছবির কোনো ফ্রেমে তাঁকে দেখা গেছে পেছন ফিরে, আবার কোথাও মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন ক্যামেরায়।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি—“সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা”।
গানের কথায় প্রেমের অনুভূতি ও বিরহের বেদনা ফুটে উঠেছে। সেই পঙ্ক্তির সঙ্গে অভিনেত্রীর ছবির সমন্বয় সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটিকে দিয়েছে আলাদা আবেদন।
অভিনয়ে স্বতন্ত্র অবস্থান তৈরির পাশাপাশি পোশাক ও ব্যক্তিগত স্টাইলের জন্যও জয়া আহসান নিয়মিত অনুরাগীদের নজর কাড়েন। এবারও তাঁর দেশীয় সাজ এবং গানের আবেগঘন পঙ্ক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ।