নিউজ প্রবাসী ডেক্স :
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোণায় এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা শহরের কুড়পার এলাকা থেকে সাদিয়া আক্তার (২২) নামে ওই নেত্রীকে আটক করা হয়। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী সাদিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে এলাকার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত অবগত নন। তবে দলের কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না।
তিনি বলেন, সাদিয়া আক্তার সত্যিই এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।