নিউজ প্রবাসী ডেক্স :
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা আপাতত নেই। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, জুলাই মাসজুড়েই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে টানা কয়েকদিন ধরে সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এতে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে