নিউজ প্রবাসী ডেক্স :
দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ এবং উচ্চপ্রযুক্তি খাতের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু নভোথিয়েটারে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার।
সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম গড়ে তোলা, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, ডিপ-টেক উদ্ভাবন এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণ নিয়ে ১১টি অধিবেশন ও ৭টি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গবেষকরা অংশ নিচ্ছেন। টেক্সাস ইনস্ট্রুমেন্টস, গ্লোবাল ফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো, পারডু ইউনিভার্সিটি এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত রয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ক্রিস্টে ফেলোশ রিসার্চ সিম্পোজিয়াম’-এ দেশের উদীয়মান গবেষকরা সেমিকন্ডাক্টর বিষয়ে তাদের গবেষণা উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, অধ্যাপক মোহাম্মদ মুস্তফা হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জাব্বার।
সম্মেলনের পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’-এ শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যপ্রযুক্তি ও অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনী পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts