নিউজ প্রবাসী ডেক্স :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক ইয়াছিন মজুমদারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। তদন্তে ধারাবাহিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আলমগীর হোসেন গত ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য পাঠানোর আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়, চট্টগ্রামে পাশাপাশি এলাকায় বসবাসের সুবাদে অথৈ ও ইয়াছিনের পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্কের পর থেকেই ইয়াছিন বিভিন্নভাবে অপমানজনক আচরণ ও মানসিক চাপ সৃষ্টি করতেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তে আরও উল্লেখ করা হয়, গত বছরের ২৯ এপ্রিল ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ার পর মেসে ফেরার পথে অথৈর সঙ্গে ইয়াছিনের কথা কাটাকাটি হয়। পরে মেসে ফিরে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অথৈর বাবা প্রণব মজুমদার বলেন, মেয়েকে হারানোর শোক কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। ঘটনার সুষ্ঠু বিচার এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।
এদিকে অভিযুক্ত ইয়াছিনের আইনজীবী মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক দাবি করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক দিন আগে ইয়াছিন মারা গেছেন। বিষয়টি পরবর্তী শুনানিতে আদালতকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি করা অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তদন্তে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল অথৈর বাবা সূত্রাপুর থানায় ইয়াছিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এখন বিচারিক কার্যক্রমের প্রস্তুতি চলছে।