নিউজ প্রবাসী ডেক্স :

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি প্রচারমূলক ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না। ওই প্রকল্পের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পৃক্ততাও নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ বলেন, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। পরে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তাদের কার্যালয়ে গেলে একটি নতুন ব্যবসায়িক প্রকল্প নিয়ে ভিডিও ধারণের অনুরোধ জানানো হয়। তবে প্রকল্পটির বিস্তারিত সম্পর্কে তাঁর পূর্বধারণা ছিল না বলে দাবি করেন এই ক্রিকেটার।

মাহমুদউল্লাহ জানান, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তিনি প্রতিষ্ঠানটিকে ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। তাঁর অনুরোধের পর জমজম ব্রাদার্স নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেয়।

নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা বিভ্রান্ত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।

বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগসংক্রান্ত একটি উদ্যোগের প্রচারে যুক্ত হয়েছেন। এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই সাংবাদিক।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে মাহমুদউল্লাহ নিজের অবস্থান তুলে ধরে ভিডিওটি সরানোর উদ্যোগ নেন।

বিবৃতিতে মাহমুদউল্লাহ সমর্থকদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যাতে ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts