নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন নৌপ্রধানের কাঁধে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে পদোন্নতি দিয়ে ভাইস অ্যাডমিরাল করা হয় এবং নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।