
নিউজ প্রবাসী ডেক্স :
ফলাফল প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর গণভোটের ভোটসংখ্যায় উল্লেখযোগ্য পার্থক্য এনে সংশোধিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেট অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখেরও বেশি। একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটের সংখ্যা কমেছে এবং বাতিল ভোট বেড়েছে।
২৫ ফেব্রুয়ারি জারি করা সংশোধিত গেজেটে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি, যা আগের গেজেটে প্রকাশিত সংখ্যার চেয়ে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম। নতুন হিসাবে বাতিল ভোট দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি।
সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দেখানো হয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। এর ফলে মোট বৈধ ভোটের সংখ্যা হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
উল্লেখ্য, সংবিধান সংস্কার–সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ফলের সঙ্গে গণভোটের ফলও বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। তবে ওই ঘোষণার সংখ্যার সঙ্গে একই রাতে প্রকাশিত গেজেটের তথ্যের গরমিল নিয়ে তখনই প্রশ্ন ওঠে।
এরপর আসনভিত্তিক ফলাফল প্রকাশের পর গণমাধ্যমে অসঙ্গতির খবর এলে ইসি প্রথম দফায় বেসরকারি ফল সংশোধন করে। সর্বশেষ সংশোধিত গেজেট প্রকাশের মাধ্যমে ভোটের চূড়ান্ত হিসাব নতুন করে নির্ধারণ করল সংস্থাটি।
গণভোটের ফল একাধিকবার সংশোধনের ঘটনায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও নাগরিক মহলে।