নিউজ প্রবাসী ডেক্স :

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার একটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ওই ওয়ার্ডে প্রায় ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। কার্ড বণ্টনের দায়িত্ব নিয়ে দিনের বেলা থেকেই ওয়ার্ড বিএনপি নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে একটি অংশের কার্ড দাবি নিয়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়, যা রাতে সংঘর্ষে পরিণত হয়।
সংঘর্ষে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও র‍্যাব এলাকায় টহল জোরদার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts