নিউজ প্রবাসী ডেস্ক :

ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য উত্তেজনা এড়াতে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

শিল্প পুলিশের সুপার বলেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts