নিউজ প্রবাসী ডেক্স :
দেশে দীর্ঘদিনের মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পারিবারিক ও দেওয়ানি প্রকৃতির ছোটখাটো বিরোধ আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি অনেকটাই কমবে।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসে এডিআর কার্যক্রম চালু থাকলেও সুপ্রিম কোর্টে এ ধরনের ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের প্রধান কর্মকর্তা ইমতেয়াজুল ইসলাম জানিয়েছেন, আইনে কোনো বাধা না থাকায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী এডিআর চালুর প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে দেনমোহর, ভরণপোষণ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, সন্তানের জিম্মাসহ কয়েকটি পারিবারিক বিরোধকে এডিআরের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কিছু আপসযোগ্য ফৌজদারি ও দেওয়ানি মামলাও অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবা হচ্ছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তিতে সরকার বিচার বিভাগকে আরও কার্যকর করতে কাজ করছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এডিআর চালুর উদ্যোগ ইতিবাচক হলেও পর্যাপ্ত জনবল, অবকাঠামো ও দক্ষ আইনজীবী ছাড়া এ উদ্যোগ পুরোপুরি সফল হবে না। বর্তমানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে একজন কর্মকর্তা ও মাত্র পাঁচজন কর্মচারী দায়িত্ব পালন করছেন, যা বিপুল মামলার চাপ সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত নয়।
আইনজীবীদের মতে, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আধুনিক অবকাঠামো এবং দক্ষ আইনজীবীদের সম্পৃক্ত করা গেলে এডিআর ব্যবস্থা মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।