নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার মিরপুর-১০ ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক দুটি বস্তু পাওয়া যাওয়ায় নিরাপত্তা বাহিনীর মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।
শনিবার দুপুরে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একই সময়ে সন্দেহজনক বস্তু পাওয়ার তথ্য এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, খবর পাওয়ার পরপরই সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বস্তুটি বিস্ফোরক কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
অন্যদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক মনে হওয়ায় সেটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।
দুই ঘটনাস্থলেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।