
স্টাফ রিপোর্টার, যশোর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ফলাফল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই নির্বাচন সৎ ও অসৎ শক্তির মধ্যে চূড়ান্ত লড়াই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের ভোট দখলদারিত্ব, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে জনগণের রায় প্রতিষ্ঠার সুযোগ। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, প্রতীক যাই থাকুক, বিবেকের ভোট দিতে হবে ন্যায় ও ইনসাফের পক্ষে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে। একদিকে রয়েছে বিদেশি প্রভাব ও অন্যায়ের রাজনীতি, অন্যদিকে রয়েছে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ। তিনি দাবি করেন, এবারের নির্বাচন সেই বিভাজনের অবসান ঘটানোর পথ তৈরি করবে।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো দলের নয়, তারা রাষ্ট্র ও জনগণের সেবক। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তার পরিণতি ইতিহাসে লেখা আছে বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে অবস্থান নিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির নেতা নুরুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর সদর-৩ আসনের প্রার্থী আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপি নেতা সাকিব শাহরিয়ার। বক্তারা সম্মিলিতভাবে ন্যায়ের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।