
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে এক গাছী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম বিল্লাল ফকির (৪০)। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের বাসিন্দা এবং মৃত তাজেল ফকিরের ছেলে। পেশায় তিনি একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের গাছ ব্যবসায়ী আজাহারের কেনা একটি মেহগনি গাছ কাটার জন্য বিল্লাল ফকির শ্রমিক হিসেবে কাজ করতে যান। কাজের একপর্যায়ে গাছে উঠে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসীর মধ্যেও নেমে আসে গভীর শোক। বিল্লাল ফকিরের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।