জ্যেষ্ঠ প্রতিবেদক |
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে কিশোর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানির দিন সকালে গ্রেপ্তার দুই আসামি—যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ পাঠ শেষে তাদের দোষ স্বীকার করতে বলা হলে উভয়ই নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার অপর ৯ আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন কিশোর তাইম। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত এক পুলিশ কর্মকর্তার সন্তান।
প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে লক্ষ্য করে তাইমকে গুলি করছেন। রাষ্ট্রপক্ষের দাবি, এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন কৌঁসুলি মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনজীবী আবুল হাসান এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts