নিউজ প্রবাসী ডেক্স :
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউনিটটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
রোববার দুপুরে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।
পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ইউনিট বন্ধের পর সেটি ঠান্ডা হতে কিছুটা সময় লাগবে। এরপর ভারত থেকে আসা দুই প্রকৌশলীর উপস্থিতিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
তার ধারণা, কাজ শেষে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।
এদিকে রামপালের একটি ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুতের ঘাটতি সামাল দিতে ভারত থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ আসা শুরু হয়েছে বলে জানিয়েছেন পিডিবির এই কর্মকর্তা।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। তবে দুটি ইউনিট সচল থাকলে সাধারণত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়।
একটি ইউনিট চালু থাকলে কেন্দ্রটি থেকে প্রায় ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। ফলে দুই নম্বর ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটির উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ আপাতত কাজে লাগানো যাচ্ছে না।