নিউজ প্রবাসী ডেক্স :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অতি মুনাফার প্রবণতা থেকে সরে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণের শুরুতে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে মানুষের কষ্ট বাড়ানো নয়, বরং সহমর্মিতা ও মানবিকতার চর্চাই হওয়া উচিত।
তিনি বলেন, প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করেন, যা রমজানের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজানকে লাভের মাস নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের সিন্ডিকেট, মজুতদারি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেও সরকার কাজ করছে। বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের যৌক্তিক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
রমজান মাসে জনগণের ভোগান্তি কমাতে ইফতার, সেহরি ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া অপচয় রোধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবহার পরিহার করাও রমজানের শিক্ষার অংশ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা ধারণ করে সবাই সংযম, সহানুভূতি ও ন্যায়ের পথে চলবে এবং সমাজে সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts