নিউজ প্রবাসী ডেক্স:
এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬ সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিন পর আবারও জাতীয় পর্যায়ের একটি দলে সুযোগ পেলেন।
প্রাথমিক দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাসম্পন্ন আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও জাকির হাসান। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরম্যান্স করা কয়েকজন ক্রিকেটারও জায়গা পেয়েছেন।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। এতে আটটি দল অংশ নেবে। এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের ‘এ’ দলের পাশাপাশি তিনটি সহযোগী দেশের জাতীয় দল খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। শেষ চারের ম্যাচ হবে ২৬ ও ২৭ নভেম্বর।
বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল।
প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামী ৬ নভেম্বর মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করার কথা রয়েছে। সেখান থেকে বাছাই করে ১৫ সদস্যের চূড়ান্ত দল কাতার যাবে। তবে এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি।
বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন—মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।