নিউজ প্রবাসী ডেক্স:
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ কার্যক্রমের সূচনা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাল বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। ‘স্টেজ-সি’ পর্যায়ের এই লাইসেন্স পাওয়ার পরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।
এই পর্যায়ে পারমাণবিক চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালুর প্রস্তুতি নেওয়া হবে। এর মাধ্যমে চুল্লিতে ধারাবাহিকভাবে তাপশক্তি উৎপন্ন হবে। পরবর্তী সময়ে সেই তাপশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে ইতোমধ্যে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সর্বশেষ ‘স্টেজ বি-১’ পর্যায়ের কাজও প্রায় সফলভাবে শেষ হয়েছে। স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
পরবর্তী ধাপে ‘স্টেজ বি-২’ কার্যক্রম শুরু হবে। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য চুল্লিকে প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে ‘ক্রিটিক্যালিটি’ প্রক্রিয়া, যার মাধ্যমে চুল্লির ভেতরে নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন প্রতিষ্ঠা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে নেওয়ার পর জাতীয় সঞ্চালন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে তার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।
এদিকে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিও এগিয়ে চলছে। এ লক্ষ্যে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক কার্যক্রম শুরু এবং দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ—দুই অগ্রগতির মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নতুন পর্যায়ে প্রবেশ করল।