নিউজ প্রবাসী ডেক্স:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ১০ থেকে ১৫ জন বহিরাগত চিকিৎসকদের ওপর হামলা চালালে তাদের ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে রাত থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।
পুলিশ জানায়, অ্যাজমার জটিলতায় চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ইন্টার্ন চিকিৎসকরা ছয়জনকে আটক করে রাখলে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটকদের মধ্যে চারজন স্থানীয় ছাত্রদলের নেতা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।