নিউজ প্রবাসী ডেক্স :
শেখ হাসিনা অনুপস্থিত থাকলে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিম পালন করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি জানান, শেখ সেলিম বর্তমানে আওয়ামী লীগের জ্যেষ্ঠতম সভাপতিমণ্ডলীর সদস্য। তার অনুপস্থিতিতে দলীয় সভাপতির দায়িত্ব তিনি পালন করবেন। বিষয়টি অন্যান্য সংবাদমাধ্যমেও একইভাবে প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা রয়েছে বলে জানান তিনি। তবে দেশে ফিরলে নিজের নিরাপত্তা নিয়ে বড় ধরনের আশঙ্কার কথাও তুলে ধরেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন। অন্যদিকে শেখ সেলিম বর্তমানে দলীয় কার্যক্রমে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের দেশে ফেরার সম্ভাবনা, নিরাপত্তা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশে জঙ্গিবাদী শক্তির উত্থানের অভিযোগ করেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এদিকে শেখ সেলিমকে দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা আপত্তির কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা শেখ সেলিমকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও দলীয় বৈঠকের তথ্য বাইরে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন।