নিউজ প্রবাসী ডেক্স :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার সুমন (২৬)। নিহতদের সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন বলেন, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts