
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের অর্থনীতি এখনও বহুমাত্রিক সংকটের চাপে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি ঘাটতি, রাজস্ব সংকট ও খেলাপি ঋণের মতো সমস্যাগুলো থেকে উত্তরণে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর সংস্কার— এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ।
জাতীয় বাজেটকে সামনে রেখে এক আলোচনায় তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু উদ্যোগ দিয়ে অর্থনীতিকে টেকসই পথে ফেরানো সম্ভব নয়। বাজারে প্রতিযোগিতা বাড়ানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত সংস্কার কর্মসূচি প্রয়োজন।
তার মতে, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, অন্যদিকে উন্নয়ন ব্যয় ও জনআকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। একই সঙ্গে করের আওতা বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাসরুর রিয়াজ বলেন, অর্থনীতিকে কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাবমুক্ত রেখে নীতিনির্ভর পরিচালনা করা গেলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অবস্থান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।