নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলায় বাথরুমের ওপরের সিলিংয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ভবনে থাকা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ের একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। বাথরুমের ওপরের সিলিংয়ে শর্টসার্কিটের কারণে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভানোর কাজে অংশ নিতে হয়নি। এর আগেই ভবনের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।