
নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দ্রুতগতির ছোট নৌযান বা স্পিডবোট ব্যবহার করে জাহাজ নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই বড় যুদ্ধজাহাজের বদলে ছোট ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে ‘অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল’ প্রয়োগ করছে। এই কৌশলে স্পিডবোটগুলো হঠাৎ আক্রমণ চালিয়ে দ্রুত সরে যায়, যা প্রতিপক্ষের জন্য মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।
সম্প্রতি এই ধরনের অভিযানে কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক নৌ নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এসব নৌযানে ভারী অস্ত্র থাকায় এগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ধরনের নৌযানকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে ছোট ও দ্রুতগতির এই বাহিনীকে নিয়ন্ত্রণ করা সহজ নয়।
বিশ্লেষকদের ধারণা, উপকূলীয় ঘাঁটি ও বেসামরিক জাহাজের আড়ালে লুকিয়ে থাকা এসব স্পিডবোট ভবিষ্যতেও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে থাকতে পারে।