
নিউজ প্রবাসী ডেক্স :
হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বস্তি দিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শুরু করছে সরকার। আগামী রোববার থেকেই ছয় জেলায় এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। সাধারণত ধান সংগ্রহ ৩ মে এবং চাল ১৫ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও কৃষকদের ক্ষতি বিবেচনায় সময় এগিয়ে আনা হয়েছে।
সরকারি নির্ধারণ অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে। চলতি বোরো মৌসুমে মোট ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়া, একই দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সরকারের এই উদ্যোগকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে, যা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা স্বস্তি এনে দেবে।