নিউজ প্রবাসী ডেক্স :

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের অন্যতম উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অর্থপাচার মামলার ভিত্তিতে ঢাকার গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের পর সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সিআইডি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে বৈধ আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে হরিদাসের বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের বেশিরভাগই পরবর্তীতে উত্তোলন করা হয়েছে, যা সন্দেহজনক বলে মনে করছে সংস্থাটি।তদন্তে আরও জানা গেছে, দেশের বিভিন্ন ব্যক্তি তার হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা দিয়েছেন। এসব লেনদেনের উৎস ও অর্থপাচারের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।উল্লেখ্য, সম্প্রতি পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। পরে অর্থায়নের উৎস নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নির্মাণকাজ স্থগিত করা হয়। বর্তমানে অর্থপাচার মামলার পাশাপাশি তার আর্থিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts