নিউজ প্রবাসী ডেস্ক:
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। এ সময় ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজের পছন্দের কথা তুলে ধরেন তিনি।
মিমির প্রত্যাশা, তার জীবনসঙ্গী হবেন ভালো মনের মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধু। একই সঙ্গে হাসিখুশি স্বভাবের হতে হবে তাকে। ভ্রমণের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তার সঙ্গীকেও ঘুরে বেড়াতে পছন্দ করতে হবে। তবে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে তার সন্তানদের যেন জীবনসঙ্গী আন্তরিকভাবে ভালোবাসেন।
নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে মিমি জানান, অন্যদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভালো লাগে। বিশেষ করে বিয়ের খাবারের তালিকায় নিরামিষ পদের আধিক্য থাকলে তিনি বেশি খুশি হন। তবে নিজের বিয়ে নিয়ে এখনই বিশেষ কোনো পরিকল্পনা করছেন না তিনি। বিয়ে যখন হবে, তখনই তা নিয়ে ভাববেন বলে জানান এই অভিনেত্রী।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই মিমির প্রথম কাজ।
চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে মিমি জানান, সৃজিত তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের কথা মনে করিয়ে দিয়েছিলেন। সেই চরিত্রকে রেফারেন্স হিসেবে সামনে রেখে সুমিত্রার চরিত্রটি প্রস্তুত করার অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি।