নিউজ প্রবাসী ডেক্স:

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশ পরা দুর্বৃত্তদের হামলায় জামায়াতে ইসলামীর দুই নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের বড় পুকুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। দাওয়াতের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়।

আহত ব্যক্তিরা হলেন এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. জাকারিয়া রুবেল (৩৫) এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা জাকারিয়া (৪৫)। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা জাকারিয়া দলটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।

আহত জাকারিয়া রুবেলের ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে মাওলানা জাকারিয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জাকারিয়া রুবেলের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তাঁরা তিনজন এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী মেম্বারের বাড়িতে একটি পারিবারিক মেহেদি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার সময় পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ৭ থেকে ৮ জন মুখোশধারী তাঁদের পথ আটকে দেয়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে তাঁর ডান বাহুতে ছুরিকাঘাত করা হয় এবং সঙ্গে থাকা মাওলানা জাকারিয়াকে লাঠি দিয়ে মারধর করা হয়। তাঁদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন জানান, এ ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় একজনের হাতে জখম হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার কারণ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts