নিউজ প্রবাসী ডেক্স:

লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। টানা তিন ম্যাচে হারের পর রোববার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে পরাজিত করেছে দলটি। বাংলাদেশের এই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন এনামুল হক জুনিয়র। মাত্র ১২ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের টপ অর্ডার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও মাঝের সারির ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পায় দলটি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। আরাফাত সানি ৩৭ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পীযূষ চাওলা। তিনি তিনটি উইকেট নেন। ঋষি ধাওয়ান ও পবন নেগি দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত চ্যাম্পিয়নস। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যে দুই উইকেট হারায় দলটি। পরে পাওয়ার প্লের মধ্যেই যুবরাজ সিংকে ফিরিয়ে ভারতের ওপর চাপ বাড়ান কামরুল ইসলাম রাব্বি।

এরপর বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন এনামুল হক জুনিয়র। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। মাত্র তিন ওভারে ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন এই স্পিনার। একপর্যায়ে ৮৮ রানেই আট উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে ভারত।

শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলা পাল্টা লড়াইয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তাঁদের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি ভারতের জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ১৩৮ রানেই থামে ভারতের ইনিংস। পবন ২৬ ও পীযূষ ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে এনামুলের চার উইকেটের পাশাপাশি আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন। শেষ পর্যন্ত তিন রানের ব্যবধানে জয় নিশ্চিত করে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts