নিউজ প্রবসী ডেক্স:
ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে ইসির নতুন নির্দেশনা
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিরাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে ৩১ অক্টোবর পর্যন্ত। এসব আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এর আগে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা নিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও মুদ্রণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় নতুন করে ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম চালু করে ইসি। এখন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।