নিউজ প্রবাসী ডেক্স:

ভোটার তালিকায় নাম ফেরাতে বাড়ি বাড়ি যাবেন কর্মকর্তারা

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংশোধন কার্যক্রম শেষ হওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক মাসব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ কর্মসূচির আওতায় প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ-তরুণীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া যোগ্য নাগরিকদের শনাক্ত করা হবে।

গত ২৯ সেপ্টেম্বর রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠায় নির্বাচন কমিশন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

নির্দেশনা অনুযায়ী, মুখ্য নির্বাচনী কর্মকর্তা, জেলা নির্বাচনী কর্মকর্তা এবং ভোটার নিবন্ধন কর্মকর্তাদের নিয়মিত তালিকা সংশোধনের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা হবে। এ সময় বুথ পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান অবস্থা পর্যালোচনা করে বাদ পড়া যোগ্য ভোটারদের শনাক্ত করবেন। তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ফর্ম-৬ পূরণেও সহায়তা করা হবে।

পুরোনো ও নতুন তালিকা যাচাই

নির্বাচন কমিশনের নির্দেশনায় সংশোধনের আগের ও পরের ভোটার তালিকা তুলনা করে বাদ পড়া ব্যক্তিদের তালিকা তৈরির কথা বলা হয়েছে। পরে যাচাই করা হবে, সংশ্লিষ্ট ব্যক্তির নাম অন্য কোনো এলাকায় নিবন্ধিত রয়েছে কি না, তিনি একাধিকবার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন কি না কিংবা তাঁর মৃত্যু হয়েছে কি না।

এসব কারণে নাম বাদ না পড়ে থাকলে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার হওয়ার যোগ্য হলে তাঁকে বাদ পড়া ভোটার হিসেবে চিহ্নিত করে তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির ব্যবস্থা নিতে হবে।

বিতর্কের মুখে কমিশনের উদ্যোগ

ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিয়ম পরিবর্তন এবং সম্ভাব্য অনিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে।

এসআইআর কার্যক্রমের কারণে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা আরও জোরালো হয়। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠেছে।

এমন পরিস্থিতিতে যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটার তালিকার নির্ভুলতা যাচাইয়ের লক্ষ্যেই নতুন করে মাঠপর্যায়ে কাজ শুরু করছে নির্বাচন কমিশন। তবে অভিযানে কতজন বাদ পড়া ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts