নিউজ প্রবাসী ডেক্স:
কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাতিজা মিঠু মিয়ার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতের কোনো একসময় ওই বৃদ্ধ হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।
উলিপুর থানার উপপরিদর্শক বাবুল হোসেন জানান, বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ, মিঠু মিয়ার ছেলে রাব্বি (২৫) এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। ঘটনার পর থেকে মিঠু মিয়ার পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উলিপুর থানার ওসি শওকত আলী জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।