নিউজ প্রবাসী ডেক্স:

বাংলাদেশকে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার সময় যেভাবে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছেন, তেমনি ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ।

সোমবার দুর্গাপূজার নবমী উপলক্ষে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে পাগলাপীরে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবার সম্মিলিত অংশগ্রহণেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশটা আমাদের।”

প্রধানমন্ত্রী আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

পথসভায় সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর। সফরসূচি অনুযায়ী, এদিন তাঁর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনেরও কথা রয়েছে। তিন মহানগরের পূজামণ্ডপ ঘুরে দেখে রাতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts