নিউজ প্রবাসী ডেক্স:
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম থেকে বিয়ের গল্প এবার উঠে এসেছে টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় উপস্থাপক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বের ট্রেলারে নিজেদের সম্পর্কের নানা মজার মুহূর্ত তুলে ধরেছেন তাঁরা।
ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, রাশমিকাকে বিয়ের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে জানান, উদ্যোগটি তাঁর দিক থেকেই এসেছিল। এরপর বিজয় হাসতে হাসতে বলেন, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার বিয়ের কথা বলেছিলেন।
বিজয়ের বক্তব্যের পর করণ সরাসরি রাশমিকাকে এ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে অভিনেত্রী স্বীকার করেন, বিজয়কে বিয়েতে রাজি করানোর চেষ্টা তিনি প্রায় এক বছর ধরে চালিয়ে গেছেন। তাঁর এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন করণ। অন্যদিকে, বিষয়টি নিয়ে মজার ছলে রসিকতা করেন বিজয়ও।
শুধু বিয়ের গল্প নয়, অনুষ্ঠানটির দ্রুত প্রশ্নোত্তর পর্বেও ছিল মজার সব মুহূর্ত। আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রাশমিকা আল্লু অর্জুনের নাম বলেন। আবার রাশমিকা ছাড়া অন্য কোন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন ভালো—এমন প্রশ্নের জবাব দেওয়ার আগেই রাশমিকা মজা করে বলেন, ‘কারও সঙ্গেই না।’ বিজয়ও হাসতে হাসতে স্ত্রীর কথায় সায় দেন।
২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার জুটি বেঁধেছিলেন বিজয় ও রাশমিকা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয় নানা আলোচনা। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তাঁরা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য অনুসরণ করে বিয়ে করেন এই তারকা জুটি। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে হাজির হয়েছেন তাঁরা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা। ছবিটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ের সিদ্ধান্ত এবং দাম্পত্য জীবনের খুনসুটির গল্প নিয়ে তারকা দম্পতির এই কথোপকথন ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।