নিউজ প্রবাসী ডেক্স:
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী রাজ মন্দিরে হাজির হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। মন্দির প্রাঙ্গণে তাঁর উপস্থিতি ও ফটোসেশন দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দিরে গেলে পূজা চেরীকে শুভেচ্ছা জানান রাজ মন্দিরের প্রতিষ্ঠাতা ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. সুদীপ কুমার হালদার এবং তাঁর স্ত্রী ডা. স্নিগ্ধা চক্রবর্তী।
বরিশাল বিভাগসহ দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় দুর্গাপূজার আয়োজন হিসেবে পরিচিত রাজ মন্দির। এর নির্মাণশৈলী, দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং প্রতিমার বৈচিত্র্য দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
ভারতের মন্দিরশিল্পের আদলে টেরাকোটায় নির্মিত হয়েছে এখানে জোড়া প্রতিমা। পাশাপাশি ১৬০টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার বিভিন্ন রূপ। ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ও বর্ণিল সাজে মন্দির প্রাঙ্গণ পেয়েছে ভিন্নমাত্রার সৌন্দর্য।
প্রতিবছরই দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরটিতে দর্শনার্থীদের সমাগম ঘটে। এবার অভিনেত্রী পূজা চেরীর আগমন উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করেছে। তাঁর উপস্থিতি ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় বাড়তি উৎসাহ।