নিউজ প্রবাসী ডেক্স:
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় নামবে বাংলাদেশের তরুণীরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, সিলেটে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের লড়াই। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
১৬ দলের অংশগ্রহণে ১৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সিলেট ও চট্টগ্রাম এবং নেপালে কীর্তিপুর ও মুলপানি—এই চার ভেন্যুতে হবে ম্যাচগুলো। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে, মুলপানিতে আটটি এবং কীর্তিপুরে সাতটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফাইনালের আগে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তবে বিকল্প দিনে ম্যাচ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে কেবল সেমিফাইনাল ও ফাইনালের জন্য। উদ্বোধনী দিনেই আটটি দল মাঠে নামবে। সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রতিযোগিতা।
অংশগ্রহণকারী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। ‘এ’ গ্রুপে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড, স্বাগতিক নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ‘ডি’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক দল। এরপর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৬ জানুয়ারি।
প্রতিযোগিতার পরবর্তী ধাপে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উঠবে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়াই করবে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলো একটি গ্রুপে এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো অন্য গ্রুপে খেলবে। সুপার সিক্সে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা পাবে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতীয় মেয়েরা।
আগের দুই আসরেই সুপার সিক্সে উঠলেও সেমিফাইনালে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এবার দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের সুযোগকে কাজে লাগিয়ে আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে তরুণীদের। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার স্বপ্নও বাস্তব রূপ পেতে পারে।