নিউজ প্রবাসী ডেক্স:

ইউরোপের তিন দেশ থেকে আরও ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

বিমানবন্দর সূত্র ও ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সোয়া ৮টার দিকে পিভিজি ৯৪৪৫ নম্বর ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের জরুরি সহায়তা, মানসিক পরামর্শ এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এ সহায়তা কার্যক্রমে যুক্ত ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের পাশে দাঁড়ানো হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানিফেরতদের সংখ্যা উল্লেখযোগ্য। দেশে ফেরার পর তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা হয়। পুনর্বাসনের অংশ হিসেবে দেওয়া হয় পরামর্শ ও আর্থিক সহযোগিতা।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার প্রবণতা কমাতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিয়মিতভাবে ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে। ওই প্রক্রিয়ার আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।

ফেরত আসা এসব নাগরিকের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, দেশে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে ঝুঁকি নিয়ে বিদেশযাত্রার প্রবণতা কমানো সম্ভব হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts