নিউজ প্রবাসী ডেস্ক:
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ঘিরে দর্শকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে বিনা টিকিটে বসে খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৮ অক্টোবর। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে খেলা।
বিসিবির সিদ্ধান্ত অনুসারে, প্রথম টেস্টের পাঁচ দিন—২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত—মিরপুর স্টেডিয়ামের নর্থ ও সাউথ গ্যালারিতে দর্শকদের প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। ফলে বিনা খরচে মাঠে বসে জাতীয় দলের খেলা উপভোগ করতে পারবেন সমর্থকেরা।
তবে বিনা মূল্যে প্রবেশের সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারিতে থাকছে না। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাকসহ অন্যান্য ভিআইপি গ্যালারিতে এই সুযোগ প্রযোজ্য হবে না।
দেশের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে সমর্থন দিতে আগ্রহী দর্শকদের জন্য বিসিবির এ উদ্যোগ বাড়তি সুযোগ তৈরি করেছে।