নিউজ প্রবাসী ডেক্স:
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে জাপান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৮ হাজার ১২৮ কোটি টাকা। এ লক্ষ্যে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে দেশটি।
জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাতে পারেন। ওই বৈঠকের পর প্রকাশিত হতে যাওয়া যৌথ বিবৃতিতে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত অর্থের একটি অংশ গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্পকারখানা স্থাপন এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হতে পারে। পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেও এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এসব অঞ্চলে নতুন বিনিয়োগ হলে উৎপাদন খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তা ভূমিকা রাখতে পারে।
তবে বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত শর্ত, প্রকল্পভিত্তিক অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে প্রতিবেদনে চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি।