স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান, গ্যাস পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চারটি ভারতীয় এয়ারগান ও একটি বিদেশি গ্যাস পিস্তল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ৪৯ বিজিবির অধীন আন্দুলিয়া বিওপির একটি টহল দল চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাহিনীটি।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts