প্রযুক্তি ডেস্ক:

ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করা এবং কনটেন্ট নির্মাতাদের কাজের প্রচারে সহায়তা করতে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। সর্বশেষ আপডেটে অ্যাপলের আইপ্যাডের জন্য যুক্ত হয়েছে বিটা পরীক্ষার সুযোগ। পাশাপাশি, প্রোফাইলের শীর্ষে বাইরের ওয়েবসাইটের লিংক যুক্ত করার সুবিধাও এনেছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাডে ব্লুস্কাই অ্যাপের কার্যকারিতা ও ব্যবহার-অভিজ্ঞতা উন্নত করতেই নতুন এই উদ্যোগ। অ্যাপ ব্যবহারের সময় কোনো ত্রুটি বা পারফরম্যান্স-সংক্রান্ত সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা সেটিংসের ‘বিটা ফিচার্স’ বিভাগ থেকে সরাসরি মতামত জানাতে পারবেন।

নতুন আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রোফাইলে বাইরের ওয়েবসাইটের লিংক যুক্ত করার সুযোগ। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের ওয়েবসাইট, নিউজলেটার কিংবা প্যাট্রিয়ন ও কো-ফাইয়ের মতো ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের লিংক সহজেই অনুসারীদের সামনে তুলে ধরতে পারবেন।

ব্লুস্কাইয়ের মতে, নতুন এই সুবিধা নির্মাতাদের নিজস্ব কাজের প্রচার এবং অনুসারীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ করবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের সঙ্গে ‘লিংক ইন বায়ো’ লেখার প্রয়োজনও কমতে পারে।

লিংক যুক্ত করতে ব্যবহারকারীদের প্রোফাইলের ‘এডিট প্রোফাইল’ মেনুতে থাকা নতুন ‘লিংকস’ বিভাগ ব্যবহার করতে হবে। নতুন সুবিধাগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করে তোলার চেষ্টা করছে ব্লুস্কাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts