নিউজ প্রবাসী ডেস্ক:
মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। প্রায় ছয় মাস আগে তাঁর স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর মা আমেনা বেগম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে ততদিনে শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন তুলনার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তুলনা আল হারুন দেশের বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও সক্রিয় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।