নিউজ প্রবাসী ডেক্স:
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) খুলনায় স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে তিনি বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগী। দ্বিতীয় আসরে নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণের লক্ষ্য রয়েছে। আগামী বছরের মে অথবা জুনের মধ্যে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
আমিনুল হক বলেন, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রথম আসরে বিজয়ী অনেক খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রতিভা ধরে রাখার পাশাপাশি প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তাদের পড়াশোনার দায়িত্বও সরকার বহন করবে বলে জানান তিনি।
খেলাধুলার প্রসারে সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মাঠমুখী করার মাধ্যমে সামাজিক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘নতুন কুঁড়ি’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক জানান, জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া স্থাপনায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত ক্রীড়া বর্ষপঞ্জি অনুসারে আগামী জানুয়ারি থেকে জেলা ও বিভাগীয় স্টেডিয়াম এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী আয়োজন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।